নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় আটক বাংলাদেশী যুবক আরিফ হোসেনকে (৪২) ফেরত দিয়েছে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। বুধবার দুপুর ২টার দিকে নীতপুর সীমান্ত ২৩০নং পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা নিতপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে একটি মেলাতে ভারতের হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। আরিফ হোসেন একই উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে আরিফ বাংলাদেশী পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকায় ঘুরতে যান। সীমান্ত এলাকায় ঘুরতে ঘুরতে একপর্যায়ে নীতপুর সীমান্ত ২৩০ নং পিলার পার হয়ে ভারতে অবৈধ্যভাবে প্রবেশ করেন আরিফ। এরপর ভারতের একটি মেলা থেকে মালদা জেলার বিএসএফ-১৫৯ হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।
বিজিবি-১৬ ব্যাটলিয়ন আওতায় নীতপুর (পোরশা) ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নূরুল ইসলাম জানান, নীতপুর সীমান্ত এলাকা থেকে আরিফ হোসেনের বাড়ির দূরত্ব ১৫ কিলোমিটার। কি কারণে ভারতে অভ্যন্তরে তিনি গিয়েছিলেন তার সঠিক কারণ জানা জন্যে জিজ্ঞাসাবাদ চলছে।
বিজিবি-১৬’র (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর পরই ভারতে বিএসএফের পক্ষ থেকে আমাদের (বিজিবিকে) জানানো হয়েছে। এরপর মামুনকে ফেরৎ নেওয়ার জন্যে পতাকা বৈঠকের জন্য বিএসএফ’র সঙ্গে যোগাযাগ করা হলে দুপুর ২টার দিকে ফেরত দিয়েছে। তার বিরুদ্ধে পরিবারের কিছু অভিযোগ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ শেষে পোরশা থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হবে।
অপরদিকে একই দিন মঙ্গলবার সকালে পোরশা উপজেলার শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন ইসলাম পোরশা সীমান্তের ঢাকাবীল এলাকায় ২৩১/৭এস পিলারের তার নিজ জমিতে কীটনাশক প্রয়োগ করতে যান। বেলা ১১টার সময়ও জমিতে কীটনাশক প্রয়োগ করছিলেন। এমতাবস্তায় ভারতীয় বিএসএফ-১৫৯ কেদারীপাড়া ক্যাম্পের বিএসএফ’র টহলরত সদস্যরা সীমান্ত এলাকায় দেখতে পেয়ে মামুনকে তাকে আটক করে নিয়ে যান। পরে সীমান্তের ২৩১/৭এস পিলারের এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে দুপুর ২টার দিকে মামুনকে বিএসএফের সদস্যরা বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন।