ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন মো. কবির মঞ্জু ও আনোয়ার গাজী। আহতরা সবাই ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে এ ঘটনায় পুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে মো. ফয়সাল, মিন্টু, আলী ও রুবেল নামের চার জনকে আটক করেছে। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল ও স্থানীয় কবির মঞ্জু গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় গোলাগুলি ও সংঘর্ষে ১০ জন আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আমরা চার জনকে আটক করেছি। বিষয়টির তদন্ত চলছে।