কোথায়-কীভাবে হচ্ছে তাদের বিয়ে

রণবীর কাপুর-আলিয়া আলিয়া ভাটের বিয়ে গত কয়েক দিন ধরে বলিউডের টপ অব দ্য টাউন। সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল (বুধবার) রণবীরের মা, নীতু কাপুর জানিয়ে দিয়েছেন আজ (১৪ই এপ্রিল) বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া।

পালি হিলের ‘বাস্তু’ আবাসনে আলিয়া আর রণবীরের বিয়ের নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আবাসনের একই বিল্ডিংয়ে রণবীর আর আলিয়ার অ্যাপার্টমেন্ট আছে। তাদের ‘বাস্তু’-কে আলো আর নানা ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাস্তু’-র নতুন সাজের বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। আলিয়া-রণবীরের বিয়েতে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। মুম্বাইয়ের নামকরা সুরক্ষা এজেন্সি ‘৯/১১’ -কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঞ্জাবি রীতি মেনে মহেশ ভাট ও সোনি রাজদানের ছোট মেয়েকে বিয়ে করবেন রণবীর। পরিবার সূত্রে খবর, সকাল ১১টার পর ‘পাগড়ি’ পরার রীতি শুরু হবে। দুপুর ২ থেকে ৩টার মধ্যে সাত পাক ঘোরা শুরু হবে, ওটাই নির্ধারিত মহরত।

জানা যাচ্ছে, দীপিকা-ক্যাটরিনাদের মতো আলিয়াও নিজের এই বিশেষ দিনে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সাজবেন। অন্যদিকে রণবীরের পরনে থাকবে মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাক।

ছবি: টুইটার

রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে মাত্র ২৮ জন অতিথি থাকবেন বলে জানা গেছে। মূলত কাপুর ও ভাট পরিবারের সদস্যরাই এই বিয়েতে আমন্ত্রিত। অতিথি সংখ্যা সীমিত হলেও আয়োজনে জাঁকজমক থাকছে। সুরাতের এক স্বর্ণ ব্যবসায়ী তাঁদের জন্য সোনায় মোড়া ফুলদানি আজ দুপুরে ‘বাস্তু’ আবাসনে নিয়ে এসেছিলেন।

রণবীর-আলিয়ার বিয়েতে হাজির থাকবেন কাপুর পরিবার থেকে কারিনা, সাইফ আলী খান, কারিশমা, নীতু কাপুর, আদার জৈন, ঋদ্ধিমা কাপুররা। ভাট পরিবারের পক্ষ থেকে মহেশ ভাট, রাহুল ভাট, পূজা ভাটরা অংশ নেবেন অনুষ্ঠানে। অন্যদিকে বলিউডের পক্ষ থেকে করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, সঞ্জয় লীলা বানশালিরা এই বিয়ের অংশ হতে পারেন।