নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের ৪টি হত্যাসহ অন্তত ১৩টি মামলার আসামি সোহেল খান (৪২) কে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবু হেনা মিলন।
নিহত সোহেল খান উপজেলার দিঘলিয়া কুমড়ি গ্রামের বদিয়ার খান ওরফে কানা বদিয়ারের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সোহেল খান গোপনে শ্বশুরবাড়িতে আসলে দুর্বৃত্তরা টের পেয়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় ঘরের বাইরে অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ঘিরে এলোপাথাড়িভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। নিহত সোহেলের নামে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ান, যুবদল নেতা তনুসহ ৪টি হত্যা মামলা এবং অন্তত ১৩টি মামলার আসামী ছিলেন। এছাড়া পুলিশের একজন তালিকাভূক্ত সন্ত্রাসী ছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবু হেনা মিলন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের সাথে জড়িতদের সনাক্ত ও আটকের জোর চেষ্টা চালাছে পুলিশ।