গুডউইল ফ্যাক্টরি নিয়ে ঋতুরাজ ভৌমিক

সামাজিক যোগাযোগ মাধ্যমে  জনপ্রিয় বিভিন্ন গান কভার করে সকলের পরিচিত মুখে পরিণত হয়েছেন বাপকা বেটা ব্যান্ডের শুভাশিস ভৌমিক ও তার ছেলে ঋতুরাজ ভৌমিক। ফেসবুকে নিয়মিত শিক্ষামূলক কনটেন্ট ও গানের ভিডিও আপলোড করেন তারা। গানের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন এই বাবা-ছেলের জুটি। এর পূর্বে সামাজিক মূল্যবোধের জায়গা থেকে বাপকা বেটা জুটি শুরু করেছিলো ‘মূল্যবোধের পাঠশালা’-এর উদ্যোগ যেখানে বাবা-মায়ের কিভাবে সন্তানকে মূল্যবোধ শেখাতে পারেন তা নিয়ে কনটেন্ট তৈরি করতেন। তবে এবার দারুণ বিষয়টি হলো, ৮ বছর বয়সেই ছোট্ট ঋতুরাজ নিজেই লিখে ফেলেছে সম্পূর্ণ একটি বই।  

ঋতুরাজের লেখা বইটির নাম Goodwill Factory. বইটিতে রয়েছে মোট ১০টি গল্প, যা শিশুদের জন্য এবং প্রতিটি গল্পের সাথে যুক্ত করা হয়েছে কিছু নৈতিক শিক্ষার কথা। মূলত ৬-১২ বছরের শিশুদের কথা মাথায় রেখে বইটির গল্পগুলো লেখা হয়েছে। 

ঋতুরাজের বাবা শুভাশীষ ভৌমিক জানান, স্কুল থেকে ঋতুরাজের বই লেখার আগ্রহ তৈরি হয়েছে। সেই থেকে আমি এবং ঋতুরাজের মা চেয়েছিলাম, এ বিষয়টি বাস্তব জীবনে যাতে সে উপভোগ করতে পারে ও লকডাউনের সময়টা যাতে পরিপূর্ণভাবে কাজে লাগানো যায়। এই ভাবনা থেকেই ঋতুরাজের বই লেখার উদ্যোগ শুরু হয়েছিলো। গত বছর বই লেখার কাজটি সম্পূর্ণ হলেও আমার ব্যস্ততার কারণে এ বছর বইটি প্রকাশ করতে হয়েছে।

Goodwill Factory বইটি এবারের বইমেলায় শিশু-কিশোরদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। রকমারি ডটকমে বেস্ট সেলিং ক্যাটাগরি তালিকার শীর্ষেও ছিল এ বইটি। ঋতুরাজের বাবা শুভাশীষ ভৌমিক বলেন, দূর-দূরান্ত থেকে মানুষ ওর বই কিনতে ছুটে এসেছে। একজন মা নিজে থেকে এসে তাঁর সন্তানের জন্য বইটি কিনেছেন এমনকি তিনি অনুপ্রাণিত হয়ে বই লেখার ইচ্ছা শেয়ার করেছেন। প্রচুর ভক্ত, পাঠক, শুভাকাঙ্খীদের ভালোবাসায় আমরা সিক্ত হয়েছি। এটাই আমাদের বিরাট প্রাপ্তি।

শুভাশীষ ভৌমিক আরও জানান, এই বই বিক্রির লাভের অংশটুকু ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা ও জলবায়ু পরিবর্তনে শিশুদের সচেতন করার কাজে।

পরিবারের সদ্যসরা ঋতুরাজের এ অর্জনগুলোকে কিভাবে দেখেন— এ ব্যাপারে শুভাশীষ ভৌমিক বলেন, ঋতুর মা অনেক সাহস দেয় তাকে। ওর দাদু, মা ও পরিবারের সবাই মিলে সবসময় আমরা চেষ্টা করি ঋতুরাজকে সাপোর্ট করার যাতে করে সে আরো সামনে এগিয়ে যেতে পারে। আমিও চেষ্টা করি ঋতুরাজের ভালো লাগার জায়গাগুলোতে আমার ক্ষুদ্র জ্ঞান উজার করে দিয়ে তাঁর পাশে দাঁড়ানোর। 

বর্তমানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ছে ঋতুরাজ ভৌমিক। পড়ালেখার পাশাপাশি নিয়মিত গানের চর্চা করে সে। বিভিন্ন খেলাধুলা বিশেষ করে ফুটবলের প্রতিও বেশ আগ্রহ রয়েছে তাঁর। ভবিষ্যতে সে একজন আর্মি অফিসার হতে চায় ও পড়ালেখার পাশাপাশি গানের চর্চা চালিয়ে যেতে চায়।