হাওরের কাজে দুর্নীতির প্রতিবেদন শিগগিরি জমা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম,দুর্নীতির সাথে যারা জড়িত তাদের চূড়ান্ত প্রতিবেদন দুই-তিন দিনের ভিতরে মন্ত্রণালয়ে জমা দেবে তদন্ত কমিটি। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জে হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী এই সব কথা বলেন।

তিনি বলেন, হাওরে যে ফসল তলিয়ে গেছে সেটা সারা দেশের খাদ্য সংকটের কোন প্রভাব ফেলবে না। সুনামগঞ্জে এবছর ২০১৭ সালের থেকেও বেশি পানি হয়েছে তবে বাঁধের কাজ ভালো হওয়ায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। তবে এখন পর্যন্ত ৫ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগীতা করা হবে পুনর্বাসনের সব ধরণের ব্যবস্থা নেয়া হবে।