বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণবারসহ মনিরুল ইসলাম (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১২ টার সময় ইছামতি নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী মনিরুল ইসলামকে আটক করে বিজিবি। আটক মনিরুল ইসলাম স্থানীয় বালুন্ডা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
বিজিবি জানায়, গোপন সূত্র অনুযায়ী জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য যশোর থেকে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম দিয়ে ইছামতি নদীর দিকে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি তার নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুল ইসলামকে আটক করে। আটক স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, মাদক, পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবি সতর্ক আছে। বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ মনিরুল ইসলাম নামে একজন স্বর্ণ পাচারকারী আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।