রাজশাহীর তানোরে জাকিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিযুক্ত প্রেমিক ইমনকে (১৯) গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেলে ইমনকে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।
গ্রেপ্তারকৃত ইমন উপজেলার চৌরখৈর এনায়েতপুর গ্রামের পক্কর আলীর ছেলে।
ওসি জানান, উপজেলার শালবাড়ি গ্রামের ৮ম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আক্তারের (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পাশের চৌরখৈর এনায়েতপুর গ্রামের ইমনের (১৯)। কিছুদিন আগে জাকিয়ার পরিবারের লোকজন প্রেমের বিষয়টি জানতে পারলে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু নানা অজুহাতে টালবাহানা করছিলেন ইমন। গত মঙ্গলবার রাতে মোবাইল ফোনে কথা বলার সময় ইমন বিয়ে করতে অস্বীকৃতি জানান জাকিয়া। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর গভীর রাতে বিষপান করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে।
ওসি আরও জানান, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জাকিয়া বাবা দুখু মন্ডল থানায় মামলা করেছেন। এতে অভিযুক্ত ইমনকে গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জাকিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।