সিংগাইরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০) রাত পৌনে দুইটার দিকে উপজেলার দাশেরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম কায়সার হামিদ (৪৫)। সে জয়পুরহাটের পাঁচবিবি থানার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

থানা সূত্রে জানা গেছে, উপজেলার চারিগ্রাম মালিপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযানে যাচ্ছিলো র‌্যাব-৩ এর সদস্যরা। এ সময় দাশেরহাটি এলাকায় পৌঁছালে একদল ডাকাত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করলে ডাকাত দলের ঐ সদস্য নিহত হন। এ সময় র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হলে তাদের ঢাকা সিএইচএম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ডাকাতি কাজে ব্যবহৃত ২টি পিস্তল, ২টি রামদা, ১টি চাপাতি, ২টি চাকু, ২টি টর্চ লাইট ও ২ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। 

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’