বাঘায় ৫০০ লিটার দেশি মদসহ আটক ২

রাজশাহীর বাঘায় পৃথক অভিযান চালিয়ে ৫০০ লিটার বাংলা মদ ও ১৩৫ কেজি ভেজাল গুড়সহ আব্দুল হালিম ও কামরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

রবিবার (২৪ এপ্রিল) উপজেলার পলাশী ফতেপুর ও আড়ানী এলাকার সাহাপুর গ্রামে এ অভিযান চালানো হয়। এর মধ্যে পলাশী ফতেপুর এলাকায় বাংলা মদ এবং তৈরির উপকরণসহ দুই জনকে আটক করে পুলিশ।  

বাঘা থানা পুলিশের একটি মুখ পত্র জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদ্মার চরাঞ্চলের পলাশী ফতেপুর গ্রামে বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালায় বাঘা থানা পুলিশ। এ সময় পুলিশ ১০ টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামে প্রায় ৫০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির নানা উপকরণ জব্দ করেন। একই সাথে ঐ গ্রামের মো. আব্দুল হালিম (৪৪), পিতা- মো. আব্দুল মান্নান এবং মো. কামরুল ইসলাম খান (৩৫), পিতা-মৃত জমশের খান কে আটক করে থানায় নিয়ে আসেন।

এর আগে পুলিশ উপজেলার আড়ানী পৌর এলাকার সাহাপুর গ্রামে মো. রাজন (৩৫), পিতা-আব্দুল কুদ্দুসের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ৩টি নীল রং এর প্লাস্টিকের ড্রামে ৪৫ কেজি করে মোট ১৩৫ কেজি ভেজাল খেজুরের ঝুলা গুড় উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা। 

পুলিশ জানায়, এই অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে রাজন বাড়ীর পেছন দিক দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ভেজাল গুড় তৈরির কাজে ব্যবহৃত পাথরের চুন, সোডা, ফিটকারি এবং রং উদ্ধার করেন। এ সংক্রান্তে পলাতক আসামি মো. রাজন (৩৫), পিতা-আব্দুল কুদ্দুস, গ্রাম সাহাপুরসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করেন। 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বর্তমানে উপজেলার সমতল এলাকার চেয়ে পদ্মার চরাঞ্চলে বেশি অপরাধ সংঘটিত হচ্ছে। গত কয়েক মাসে চরাঞ্চল থেকে একাধিক আসামিসহ বেশ কিছু গাঁজা এবং মাদক উদ্ধার করা হয়েছে। তিনি রবিবার পৃথক দুটি ঘটনা নিয়ে দুইটি মামলা রুজু করাসহ ধৃত আসামিদের আদালতে প্রেরণ করেছেন বলে জানান।