চট্টগ্রামে ৯ দিনে পরিচয় মেলেনি কুড়িয়ে পাওয়া এক শিশুর

৯ দিনেও অভিভাবকের পরিচয় মেলেনি কুড়িয়ে পাওয়া এক কন্যাশিশুর। শিশুটিকে এখন নগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

গত ১৫ এপ্রিল নগরীর আমবাগান এলাকার রাস্তায় আড়াই বছর বয়সী শিশুটি কাঁদছিল। পথচারীরা শিশুটি খুলশী থানায় হস্তান্তর করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, শিশুটির বয়স আড়াই বছরের মতো হবে। সে শুধু তার নাম নুজরাত বলে জানিয়েছে। মা-বাবা, ঠিকানা—কিছুই বলতে পারছে না। আমরা আমবাগান এলাকায় গত ৯ দিন যাবত অভিভাবকের অনেক সন্ধান করেছি। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকলেও মা-বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। শিশুটির প্রকৃত অভিভাবক খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করা হচ্ছে।