মির্জাপুরে ছয় ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সোমবার (২৫ এপ্রিল) তফসিল ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মির্জাপুর উপজেলার ফতেপুর, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, আজগানা, তরফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ১৯ মে, আপিল ২২ মে, আপিল নিষ্পত্তি ২৫ মে, প্রার্থীতা প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ হবে ১৫ জুন।

এদিকে ছয় ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পবিত্র রমজানের মধ্যেও চেয়ারম্যান পদে প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত হয়ে পরেছেন। দলীয় প্রতীক পেতে রাজনৈতিক দলের নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। প্রতিটি এলাকায় চলছে নির্বাচনী উৎসবের আমেজ।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম জানান, আগামী ১৫ জুন মির্জাপুর উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণের লক্ষে তাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে।