রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাড়রা এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরা হলেন, ভাড়রা এলাকার আব্দুল লতিবের ছেলে সুজন (৩৩) ও বশির আহম্মেদ (৩২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ডিবির একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পুঠিয়া থানার ভাড়রা গ্রামের পলাতক আসামি মৃত আলাউদ্দিনের ছেলে রুবেল (৩৩) এর বাড়িতে ভেজাল প্রসাধনীর গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ ও সেখান থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় ১২ কার্টুনে ৫৭৬ পিচ ভেজাল লতা হারবাল ক্রিম, ২ হাজার পিচ লতা হারবালের খালি মোড়ক, ভেজাল লতা হারবাল ক্রিম তৈরির কমলা, হলুদ ও সাদা রঙয়ের পাউডার জাতীয় কেমিক্যাল, সাদা দানাদার ৩০ কেজি উপকরণ ও ১৫ লিটার তরল কেমিক্যাল, ভেজাল ক্রিম তৈরির স্টিলের ২টি মেশিন, ২টি ড্রিল মেশিন, ডিজিটাল ওয়েট মেশিন, ২টি ক্লিপ টাইট মেশিন, গ্যাসের চুলা ও সিলিন্ডার, স্টিলের ড্রাম ও অ্যালুমিনিয়ামের পাতিলসহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়।
জব্দ সামগ্রীর বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানায়, দীর্ঘদিন গোপনে ভেজাল প্রসাধনী-ক্রিম তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরবরাহ করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে।
এ বিষয়ে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।