গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মো. আখতারুজ্জামান (৫৫) নামের এক ব্যবসায়ী ঈদুল ফিতরের নামাজ আদায়রত আবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকল জামে মসজিদে ঈদের জামাতে তিনি মারা যান।
মৃত. মো. আখতারুজ্জামান ওই ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মৃত. আজিম উদ্দিনের ছেলে।
মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জানান, সকালে মো. আখতারুজ্জামান স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যান। সকাল সাড়ে ৮টায় মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকল জামে মসজিদে ঈদের জামায়াতে নামাজ শুরু হয়। প্রথম রাকাত নামাজের পর দ্বিতীয় রাকাত নামাজের সেজদায় গিয়ে তিনি আর না ওঠায় মুসল্লি ও স্বজনরা তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখনে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এক ছেলে ও এক মেয়ের জনক ব্যবসায়ী মো. আখতারুজ্জামানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।