জাফলংয়ে পর্যটকদের ওপর স্বেচ্ছাসেবকদের হামলা

সিলেটের জাফলংয়ে পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টার সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন পর্যটকের ওপর হামলা করেছে টিকিট বিক্রির কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে পর্যটকদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ হামলা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে টিকিট বিক্রিকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় কাউন্টারের লোকজন। একপর্যায়ে তারা লাঠিসোটা দিয়ে আগত পর্যটকদের পেটাতে শুরু করেন। এ সময় পাশে থাকা নারী ও শিশুও হামলার শিকার হন। এ ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, খবর পেয়ে আমাদের কয়েকজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এ ঘটনার একটি ভিডিওচিত্র আমাদের হাতে এসেছে। এছাড়াও ঘটনায় টোল আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট দুই জনকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।