আবৃত্তি, গান, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব শুরু হয়েছে। শুক্রবার (৬ মে) সন্ধ্যায় সন্ধ্যায় পৌর শহরের শহীদ দত্ত ভাষা চত্বরে এই উৎসব শুরু হয়। উৎসব চলবে ৮ মে পর্যন্ত।
উদ্বোধনী সন্ধ্যায় সাহিত্য একাডেমির আবৃত্তি ও নাটক বিভাগ পরিবেশন করে পাভেল রহমানের নির্দেশনায় কবি সৈয়দ শামসুল হকের 'আমার পরিচয়'। তিন দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির উপদেষ্টা কবি মারুফুল ইসলাম। আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ রুহুল আমিন, সাহিত্য একাডেমির উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের ও সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।
বক্তারা বলেন, সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী উৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব বলা যায় ব্রাহ্মণবাড়িয়া তথা সারাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি মনা মানুষের মিলনমেলা। গ্রাম-বাংলার ঐতিহ্য লালন করে সাহিত্য একাডেমি জাতীয় দায়িত্ব পালন করছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাভেল রহমান। উদ্বোধনী আলোচনা শেষে আনন্দলোকের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ উৎসব চলবে ২৫ বৈশাখ পর্যন্ত।
সাহিত্য একাডেমি ১৩৯৪ বাংলা (১৯৮৭ খ্রিস্টাব্দ) থেকে প্রতিবছর সাত দিনব্যাপী সার্বজনীন বৈশাখী উৎসব আয়োজন করে আসছে। করোনা মহামারির কারণে ২০২০ এবং ২০২১ সালে উৎসব আয়োজন করা যায়নি। এ বছর তিনদিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছর থেকে যথারীতি ৭ দিনব্যাপী (১ বৈশাখ থেকে ৭ বৈশাখ) উৎসব আয়োজন করা হবে বলে জানান সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।