যশোরে বাবার বিরুদ্ধে ছেলেকে বৈদ্যুতিক শক ও নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ মে) গভীর রাতে যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন (১৬) ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ অভিযুক্ত পিতা নুরুল ইসলামকে আটক করেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে নুরুল ইসলাম তার ছেলে রুহুল আমিনকে হত্যা করেছে বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার দিন রুহুল নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় বাবা নুরুল ইসলাম প্রথমে ছেলের বামপায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে ইলেকট্রিক শক দেন। এতে মৃত্যু না হওয়ায় পরে গলায় গামছা পেঁচিয়ে আধা ঘণ্টা ধরে নির্যাতন করে তাকে হত্যা করেন। খবর পয়ে পুলিশ নুরুল ইসলামকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত নুরুল ইসলাম পুলিশের কাছে বলেছেন, জমি বিক্রি করে ৪১ লাখ টাকা সংসারের পেছনে খরচ করেছি। এখন পরিশ্রম করতে পারি না। স্ত্রী ও ছেলে মিলে আমাকে অমানুষিক নির্যাতন করতো। ছেলেকে হত্যা না করে কোনো উপায় ছিল না। এখন আমি আমার ফাঁসি চাই।