কুমিল্লার মনোহরগঞ্জে হকার সংকটে প্রায় ২ বছর ধরে বন্ধ থাকার পর আবারও পত্রিকা সরবরাহ শুরু করা হয়েছে। রবিবার (২২ মে) থেকে বিভিন্ন জাতীয় দৈনিকসহ সব পত্রিকা সরাসরি হাতে পেয়ে সাংবাদিক, পাঠক সকলেই খুশি।
নিয়মিত পত্রিকা চালু হওয়ায় সাংবাদিকদের মাঝেও নতুন উদ্যোমে কাজ করার আগ্রহ তৈরি হয়েছে। পত্রিকা প্রেমিকদের মাঝে যেন প্রাণ ফিরে এসেছে। এখন থেকে নিয়মিত উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন ছাত্রবন্ধু লাইব্রেরিতে জাতীয় দৈনিকসহ সকল পত্রিকা পাওয়া যাচ্ছে। উপজেলা প্রশাসনে কর্মকর্তাদের পত্রিকা হাতে প্রাণবন্ত দেখা গেছে।
উপজেলা সদরে নিয়মিত দৈনিক ইত্তেফাক পত্রিকা পাঠক জহির রায়হান সরাসরি পত্রিকা হাতে পেয়ে তাৎক্ষনিক এক পতিক্রিয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। গ্রাহক পর্যায়ে পত্রিকা পৌঁছাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৈনিক ইত্তেফাক সংবাদদাতাসহ সাংবাদিকদের ধন্যবাদ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনিও পত্রিকা হাতে পেয়ে খুশির কথা জানান।
তিনি জানান দীর্ঘদিন মনোহরগঞ্জে পত্রিকা না আসায় ১০ কি.মি. দুরে লাকসাম উপজেলায় গিয়ে পত্রিকা সংগ্রহ করতে হতো। এটা ছিল অত্যন্ত বিড়ম্বনার। এ উপজেলায় নিয়মিত পত্রিকা চালু রাখতে প্রয়োজনীয় যে কোন সহযোগিতার বিষয়ে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন। উল্লেখ্য বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে এ এলাকায় পত্রিকা আসা বন্ধ হয়ে যায়।
করোনা শুরুর প্রথম দিকে অধিকাংশ জাতীয় দৈনিক পত্রিকা মফস্বল এলাকায় না আসায় পুরোদমে বেকার হয়ে পড়েন স্থানীয় হকাররাও। ফলে গত ২ বছর থেকে পত্রিকা বিচ্ছিন্ন হয়ে পড়ে এ এলাকা। গত ১৪মে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের এক বৈঠকের পর পত্রিকা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়।