নওগাঁর রাণীনগর উপজেলায় মিনি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ মে) সকালে উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ (৬)। সে উপজেলার চকমনু গ্রামের প্রভাষক জাহাঙ্গীর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলা গোলচত্বর এলাকা থেকে নাস্তা শেষে মোটরসাইকেলে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন প্রভাষক জাহাঙ্গীর আলম। এ সময় হাসপাতাল গেট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি সিএনজি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এমতাবস্থায় সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই শিশু ও তার বাবা ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আর আহত প্রভাষক জাহাঙ্গীর আলমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।