চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই রাজমিস্ত্রির নাম মো. হারুন (৩৫)। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মৃত মো. জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর গ্রামের ইমাম কমিশনারের বাড়ির সামনে ওই একই গ্রামের অলি আহম্মদের ছেলে সালাউদ্দিন (৩৮) পূর্ব শত্রুতার জের ধরে দা দিয়া হারুনের মাথায় কোপ দেন। এরপর গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িত সালাউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।