সাজা শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (২ জুন) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে শিশুসহ ৯ নারী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন তাদের।
ফেরত আসারা হলেন- খুলনার শিশু আক্তার, দিলরুবা খাতুন, বিজলী দাস, খুরশিদা খাইবার, চমপা মেনজাম, সোনিয়া আক্তার, রাহানা আক্তার, সুমি শেখ, জেসমিন আক্তার। এদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
সুমি শেখ বলেন, সংসারে অভাব অনটনের কারণে দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতের মুম্বাইয়ে যাই। পরে সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশে অবৈধভাবে বসবাস করার কারণে পুলিশ তাদের আটক করে জেলা হাজতে পাঠায়। সেখান থেকে নবজীবন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। দীর্ঘদিন পর দেশে ফিরলাম।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার রাতেই। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন।
যশোর জাস্টিস এন্ড কেয়ার এর এরিয়া কো-অর্ডিনেটর মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস এন্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।