শেষ হলো ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা হয়েছে। এখন শুধু শিক্ষার্থীদের ফলাফলের জন্য অপেক্ষা।

পরীক্ষা শুরুর পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান কলা ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

সকাল সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে ব্রিফিং করার সময় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান শিক্ষার্থীদের সন্তুষ্টির কথা জানান। তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তি লাঘবের কথা বিবেচনা করে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন উপাচার্যের সাথে আমার কথা হয়েছে। তারাও কোনো ধরনের সমস্যা ছাড়া যথাযথভাবে ভালো পরীক্ষা পরিচালনা করছেন।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে দুটো কেন্দ্র পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি। শিক্ষার্থীরা পরীক্ষার হলের পরিবেশ, প্রশ্নপত্রের মান, এগুলো নিয়ে খুব সন্তুষ্টি প্রকাশ করেছে। ‘খ’ ইউনিটের সাড়ে ৫৮ হাজার শিক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছে প্রায় ২৭ হাজার। বাকি ৩১ হাজার অন্যান্য বিভাগীয় শহরে। আজকে ১টি সিটের বিপরীতে প্রায় ৩৩ জন পরীক্ষা দিচ্ছে। স্বচ্ছ প্রতিযোগিতাই আমাদের ভর্তি পরীক্ষার সৌন্দর্য।’

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘বাইরের পরিবেশটা আমাদের আরেকটু ভালো করতে হবে। আমরা অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের অতিরিক্ত ভিড় এবং যানবাহনে নিয়ন্ত্রণে ‌অনুরোধ করেছি। স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের সহযোগিতা করবে যাতে তাদের কোনো সমস্যা না হয়। তারপরও বিপুল সংখ্যক অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী ক্যাম্পাসে আসেন। শিক্ষার্থীরা অনেক ‘ম্যাচুর’। তাদের ছেড়ে দিন। তারা নিজেদের মতো করে সব করলে তারা আরও দক্ষ হবে। এবং ভালো মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।’

গতবারের মতো এবারএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে৷ সেগুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে।

এবার খ ইউনিটে মোট আবেদন করেছেন মোট ৫৮ হাজার ৫৬৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ইউনিটটিতে এবছর আসন রয়েছে ১ হাজার ৭৮৮টি। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

এর আগে, গতকাল শুক্রবার (৩ জুন) সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের মোট ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এবার ‘গ’ ইউনিটে আসন সংখ্যা ছিল ৯৩০টি। সে অনুযায়ী এখানেও প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন।

এবারও ঢাবির ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) দেশের বিভাগীয় শহরগুলোতে হবে। আজকের পর আগামী ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা হবে।

এদিকে বিশ্ববিধ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩ জুন থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসা ও অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাবি ক্যাম্পাসে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, জনসমাগম ও পরিবেশ দূষণ না করার জন্য অনুরোধ করা হয়। একইসঙ্গে পরীক্ষার দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত রাখার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হয়।