সাতক্ষীরায় কলেজ অধ্যক্ষ গুলিবিদ্ধ

সাতক্ষীরার বাশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেন মোশা গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে কলেজ থেকে বের হয়ে সাতক্ষীরায় যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলি তার পায়ে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মোশাররফ হোসেন মোশা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বাশদহা শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, মোশাররফ হোসেন কলেজের কাজ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে সাতক্ষীরা যাচ্ছিলেন। কলেজের গেট থেকে অল্প একটু দূরেই বাশদহা গ্রামের আব্দুল জলিলের বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে মাথায় হেলমেট পরিহিত অজ্ঞাত মোটরসাইকেল আরোহী গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজিত রায় জানান, গুলি তার পা ভেদ করে বেরিয়ে গেছে। তার পা এক্সরে করে তাকে সামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইউম জানান, গুলি করার কারণ ও কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।