নরসিংদীতে ১২ ঘণ্টা সাঁতরে ২১০ কিলোমিটার পাড়ি পল্লিচিকিৎসকের

১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরে ২১০ কিলোমিটার পাড়ি দিয়েছেন পল্লিচিকিৎসক বকুল সিদ্দিক (৪০)। 

বুধবার কুমিল্লা জেলার হোমনা উপজেলার কোনাবাড়ী মেঘনা নদী ঘাট থেকে ভোর ৪টা ১ মিনিটে শুরু করেন এ সাঁতার। বিকাল ৪টা ১০ মিনিটে নরসিংদীর নাগরিয়াকান্দীতে মেঘনা নদীতে অবস্থিত শেখ হাসিনা সেতু প্রাঙ্গণে এসে শেষ হয় এ সাঁতার। এ সময় তার সাঁতার দেখতে উৎসুক জনতা নৌকা ও স্পিডবোটযোগে তাকে অনুসরণ করে। 

সাঁতারু বকুলকে ফুল দিয়ে স্বাগত জানান নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আহ্বায়ক সদর থানা আওয়ামী লীগ আলহাজ আফতাব উদ্দিন ভুঁইয়াসহ এলাকাবাসী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা ফাহিম সিদ্দিকী।