বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীনদের বরণের এই আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মাহবুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের সামনে বিইউপি সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিইউপির শিক্ষা কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক মো. মাইন উদ্দীন রেজা এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়াদি সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন বিইউপির অতিরিক্ত রেজিস্ট্রার লে. কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, পিএসসি। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।
উপাচার্য তার বক্তৃতায় বিইউপিতে ভর্তির জন্য সকল নবীন শিক্ষার্থী এবং তাদের পিতা-মাতাদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের অবহিত করেন যে, বিইউপি ‘আউটকাম বেজড এড্যুকেশন ’ এবং ‘নিড বেজড এড্যুকেশন’ প্রদানে বদ্ধ পরিকর। তিনি শিক্ষার্থীদেরকে লক্ষ্যে পৌঁছানোর জন্য সময়ের যথাযথ ব্যবহার এবং শৃঙ্খলাবোধের উপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য শিক্ষার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং স্মার্ট ফোন ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি নতুন শিক্ষার্থীদের সফলতা কামনা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শতভাগ সত্য চর্চার আহবান জানান। সর্বশেষে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে নবীন শিক্ষার্থীরা বিইউপি সম্পর্কে উপাচার্যের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবগত হন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির সকল উচ্চপদস্থ কর্মকতা, শিক্ষক এবং নবীন শিক্ষার্থীবৃন্দ।