জলজ সম্পদ ও মৎস্য গবেষণায় দেশসেরা সিকৃবি

জলজ সম্পদ ও মৎস্য নিয়ে গবেষণায় দেশসেরা হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। 

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে ‘সেলিব্রেশন অব এচিভমেন্ট’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে মাৎস্যবিজ্ঞান অনুষদ। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সভাপতিত্বে ও উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পার্থ প্রতীম বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বক্তৃতা করেন। অনুষ্ঠানের শুরুতে আহ্বায়ক মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবসহ বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান ও অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানা যায়, স্পেন ভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং অনুসারে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে একোয়াটিক সায়েন্সেস বিষয়ে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের সাথে পাল্লা দিয়ে দেশসেরা ও বিশ্বে ৩৫০তম স্থানে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। 

এছাড়া এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত গবেষণার সারাংশ নিয়ে সম্পাদিত ‘বুক অব এবস্ট্রাক্ট’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন। 

উল্লেখ্য,স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং (এসআইআর) ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী গবেষণা প্রতিষ্ঠানসমূহের বার্ষিক আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। এটি প্রতিবছর সরকারি, স্বাস্থ্য, বিশ্ববিদ্যালয় ও নন-প্রফিট ক্যাটাগরিতে আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে।