ঢাকা স্কুল অব ইকোনমিক্স-এর আয়োজনে ইনডোর গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সংগঠন উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের উদ্যোগে ইনডোর গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দাবা, ক্যারম, লুডু, ডার্টবোর্ড সহ মোট ১২টি খেলা অন্তর্ভুক্ত ছিল এতে।

ইনডোর গেমস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর ক্রীড়া সম্পাদক দিলু খন্দকার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার আবদুল গাফফার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সানোয়ার হোসাইন। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরেণ্য অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়ক প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, উদ্যোক্তা অর্থনীতি বিভাগের কার্যক্রম আগামী দিনে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে। ধনী ও দরিদ্রের বৈষম্য দূরীকরণে উদ্যোক্তা অর্থনীতি বিভাগ কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা মাজনুন মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেহানা পারভীন এবং সারা তাসনিম। সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক শামিম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মুন নাহার আজমী।