বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১ এর ভর্তি পরীক্ষা আগামীকাল ১২ই আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টায় মোট ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ৫টি অনুষদের অধীনে মোট ১০টি বিভাগের ৬০০টি আসনের জন্য আবেদন পড়েছে ১২৮৬৩টি। আবেদনকারী সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (উচ্চতর গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল, সে অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হবে। গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০, ইংরেজি ২০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। কোনো বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে না। এ বছর বুটেক্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা ছিল এসএসসি বা সমমানের পরীক্ষা এবং ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমানের পরীক্ষা উভয়টিতে বিজ্ঞান শাখা থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়া এইচএসসি পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজিতে সর্বমোট ২০ গ্রেড পয়েন্ট এর ভিতরে ২০ গ্রেড পয়েন্ট পেতে হবে।
উল্লেখ্য যে বুটেক্সে এবার ৫ টি অনুষদের অধীনে ১০টি বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে বিভাগে ৮০, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগে ৪০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ৪০, ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি আসন রয়েছে। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.butex.edu.bd) ও নোটিশ বোর্ডে।