রাজশাহীতে ছেলে খুনের অভিযোগে বাবা আটক

রাজশাহীর চারঘাট উপজেলায় বাবার ধারালো হাসুয়ার কোপে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের হুজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কুদ্দুসকে (৬৫) আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত জাহাঙ্গীর হোসেনের পিতা আব্দুল কুদ্দুসের দুই স্ত্রী। তার প্রথম পক্ষে দুই ছেলে ছিলেন। তার বাবা আব্দুল কুদ্দুস প্রথম স্ত্রী মারা যাবার পর আবার দ্বিতীয় বিয়ে করেন। সেই পক্ষের দুই মেয়ে রয়েছে। কয়েক মাস আগে কুদ্দুস আলী দুই মেয়ের নামে জমি লিখে করে দিয়েছেন। এর জের ধরে পারিবারিক কলহ চলছিল।

মঙ্গলবার সকালে জাহাঙ্গীর হোসেন হুজারপাড়া বিলের জমিতে পাট কাটতে যায়। এ সময় আব্দুল কুদ্দুস এবং তার দুই মেয়ে জামাই শনির আলী ও মনির আলী পাট কাটতে নিষেধ করে। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে তিনজন মিলে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও বলেন, জমির বিরোধে জাহাঙ্গীর হোসন খুন হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর প্রধান অভিযুক্ত নিহতের বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারঘাট থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।