সবজিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে, নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় সিএনজিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতের বাজারে ঢুকে পড়ে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয় অন্তত আরো পাঁচজন। রোববার (২ অক্টোবর ) সকাল ৬টায় রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. নূর। 

 

নরসিংদী

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২), বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে আবুল কালাম সিএনজির যাত্রী। অপর নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় আহত ৫ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

নরসিংদী

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরব মুখি কাঁচামালবাহী ট্রাক মাহমুদাবাদ নামা পাড়া আসার পর বিপরীত দিক ভৈরব থেকে আসা সিএনজি ও যাত্রীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতের বাজারে উঠে যায়। এতে ঘটনাস্থলেই সবজি বিক্রেতা ও সিএনজির যাত্রীসহ তিনজন নিহত হন। অপর জনকে হাসপাতালে নেয়ার পথে নিহত হয় বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ আশপাশের সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

ভৈরব হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করি। পরে আরেকজন নিহতের খবর পাই। গাড়ি দুটো জব্দ করা হয়েছে।