গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় দুইটি উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ করা হচ্ছে। 

এ উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত এএইচএম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল)  বিকল্পধারা মনোনীত জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ( আপেল) এবং সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)।

সহকারী রির্টানিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব জানান, এ উপ-নির্বাচনে ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ইভিএম-এ ভোটগ্রহণ করার জন্য ১৪৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৯৫২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক হাজার ৯০৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া নিরাপত্তার জন্য প্রতি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ ৪ জন পুলিশ সদস্য এবং ১২ জন আনছার ও ভিডিপি দায়িত্বপালন করছেন। এখানে মোট ভোটার তিন লাখ ৩৯ হাজার ৯৮ জন।

election copy

তিনি আরও জানান, ১৪৫টি কেন্দ্রের মধ্যে বিদ্যুৎ সরবরাহ না থাকায় ৯টি কেন্দ্রে জেনারেটরের মাধ্যমে ইভিএম মেসিন চালানো হচ্ছে।

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি প্রশাসনের রয়েছে। র‌্যাবের ৯টি টিম, ৪ প্লাটুন বিজিবি, এবং অস্ত্রধারী আনসার সদস্য ছাড়াও ১ হাজার ২৮৫ জন পুলিশ নিরাপত্তা প্রদানে দায়িত্ব পালন করছেন।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাট  উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রতি ইউনিয়নে একজন করে মোট ১৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুইজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।
 
এ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের জন্য সব ধরনের প্রস্তুতির পাশাপাশি ১৪৫টি ভোট কেন্দ্রে ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 
    
প্রসঙ্গত. এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।