খসে পড়ছে কলেজের ছাদের পলেস্তারা, পাঠদান ঝুঁকিপূর্ণ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজের পুরাতন ভবনের দোতলার ছাদে ফাটল ধরে পলেস্তারা খসে পড়ছে। ভবনটিতে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পাঠদান চলছে।

১৯৬৪ সালে বানেশ্বর সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজটি উপজেলার পরীক্ষা কেন্দ্র। কলেজের শিক্ষার্থী প্রায় তিন হাজার। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরাতন ভবনের ৯টি রুমে ছাদে ফাটল ধরে পলেস্তারা খসে পড়ছে। স্থানাভাবে এরই মধ্যেই পাঠদান চলছে। 

শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালে অনেক সময় পলেস্তারা থেকে বালি কনা তাদের মাথায় পড়ে। জীবনের উপর ঝুঁকি নিয়ে তাদের ক্লাস করতে হয়।

কথা হয় কলেজের চতুর্থ বর্ষের ছাত্র নাঈমের সাথে। নাঈম দৈনিক ইত্তেফাককে জানায় কলেজের পুরাতন ভবনের দ্বিতীয় তলা হল রুম সহ ৯টি কক্ষ রয়েছে। সবগুলো কক্ষই ছাদ ফেটে পলেস্তারা খসে পড়ছে। পলেস্তরা ভেঙ্গে মাথায় পড়বে ভেবে শিক্ষার্থীদের ক্লাসে মন বসে না।

02

পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহান বলেন, বানেশ্বর সরকারি কলেজ ফান্ডে অনেক টাকা আছে। পরিচালনা কমিটি ছাদ নির্মাণ করতে পারবে।

বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হক বলেন, ২০১৮ সালে বানেশ্বর সরকারি কলেজ সরকারি করণের ঘোষণা হয়েছে। তিনি শিক্ষার্থীদের দূর্দশার কথা উল্লেখ করে বরেন কলেজটি সরকারি করণের ঘোষণা হলে কলেজ ফান্ডের অর্থ ব্যয় থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। আগামী বছরের প্রথম দিকে সরকারি কলেজের সকল কাজ শুরু হবে। কলেজ ভবনের সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। সরকারি বরাদ্দ পেলে কিম্বা কলেজ ফান্ডের অর্থ ব্যয়ে করে ছাদ নির্মাণের নির্দেশ পেলে ছাদটি নির্মাণ কাজ করা হবে।