এই বাজেট শক্তিশালী ব্যবসায়ীদের স্বার্থে, জনগণের নয়: গণফোরাম

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখ্যান করেছে গণফোরাম। তারা বলছে, এটা জনগণের বাজেট নয়। এই বাজেটে কিছু শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠী ও রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তির স্বার্থের জন্য করা হয়েছে।

শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করে গণফোরাম। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। 

তিনি বলেন, ‘এটা জনগণের বাজেট নয়, এটা কয়েকটা শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠীর জন্য করা হয়েছে। এই বাজেট জনগণের ক্ষতি করবে এবং দেশকে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি।’

রেজা কিবরিয়া আরো বলেন, ‘এই বাজেট একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত, এতে দেশের প্রকৃত সমস্যা মোকাবেলার কোনো চেষ্টা নেই। বর্তমানে দেশকে যারা লুটেপুটে খাচ্ছে, অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করছে, বাজেটটি তাদের সুবিধার জন্যই করা হয়েছে।’

আরো পড়ুন: আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়ালো পাকিস্তান

বাজেট নিয়ে মূল বক্তব্যে গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, ‘বাজেটে রাজস্ব ও ঋণের সঠিক ধারণা প্রদান এবং সাম্প্রতিক বছরগুলোর বাজেট ঘাটতিকে বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে। অর্থনীতি এখন সত্যিকারের যে বিপদের সম্মুখীন, সে সম্পর্কে বাজেটে অজ্ঞতা প্রকাশ পেয়েছে।’

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘এ বাজেটে জনগণের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে জনগণের মালিকানা নেই। এ জন্য গণফোরাম এ বাজেট প্রত্যাখ্যান করছে।’

ইত্তেফাক/জেডএইচ