বিয়োন্ড লিমিটস নিয়ে ইত্তেফাক-ডয়চে ভেলের যৌথযাত্রা

প্রিমিয়াম সিরিজ 'বিয়োন্ড লিমিটস' নিয়ে ইত্তেফাক ডিজিটালের সঙ্গে জনপ্রিয় জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের যৌথযাত্রা শুরু হচ্ছে। আগামী ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টায় ইত্তেফাকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সিরিজের প্রথম পর্ব প্রচারিত হবে। 

‘কন্টেন্ট সিন্ডিকেশন’ চুক্তির আওতায় এই নতুন সিরিজের পাঁচটি ভিডিও রয়েছে। প্রতিদিন একটি করে আগামী মঙ্গলবার-বৃহস্পতিবার-রোববার রাত ৮টায় প্রচারিত হবে। বাকি দুইটি ভিডিও পরের মঙ্গলবার (২২ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রচারিত হবে। রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কাওরানবাজারস্থ ইত্তেফাক ভবনের মজিদা বেগম মিলনায়তনে 'বিয়োন্ড লিমিটস' প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ডয়চে ভেলের এশিয়া মহাদেশের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলান পেইকার্ট, ডিজিটাল ডিস্ট্রিবিউশন কোর্ডিনেটর (বাংলাদেশ) নাজিয়া নুসরাত আদনিন, ইত্তেফাকের সহকারী সম্পাদক রিয়াদ খন্দকার, ইত্তেফাকের হেড অব ডিজিটাল শরাফত হোসেন, ইত্তেফাক ডিজিটালের বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী, মাল্টিমিডিয়া ইনচার্জ ইমরান হক, ইত্তেফাক ডিজিটালের সহসম্পাদক বিপ্লব মল্লিক।

ইত্তেফাক ডিজিটালের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ডয়চে ভেলের ডিজিটাল ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলান পেইকার্ট। ছবি: আব্দুল গনি

ডয়চে ভেলের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলান পেইকার্ট বলেন, 'বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম পত্রিকা দৈনিক ইত্তেফাকের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত৷ নিজেদের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমাদের পথচলা আরও সুদৃঢ়  হবে।' 

ইত্তেফাকের সহকারী সম্পাদক রিয়াদ খন্দকার বলেন, 'বিশ্বের অন্যতম খ্যাতিসম্পন্ন গণমাধ্যম ডয়চে ভেলের কন্টেন্ট নিজেদের প্ল্যাটফর্মে শেয়ার করার মাধ্যমে ইত্তেফাক ডিজিটাল আরও সমৃদ্ধ হবে। এই দুই প্রতিষ্ঠানের মধ্যকার যোগাযোগ  আর অভিজ্ঞতা আদানপ্রদানের ফলে ইত্তেফাক ডিজিটালের কর্মীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হলো। ডিজিটাল প্ল্যাটফর্মের অডিয়েন্সকেও আকৃষ্ট করবে ডয়চে ভেলের বহুমাত্রিক কন্টেন্ট।'

ইত্তেফাকের হেড অব ডিজিটাল শরাফত হোসেন বলেন, 'বেশকিছুদিন ধরে ডয়চে ভেলের কন্টেন্ট পরীক্ষামূলকভাবে প্রচার করছে ইত্তেফাক। এতে দর্শকদের ভালো সাড়া পাওয়া গেছে। এখন থেকে প্রিমিয়াম সিরিজ প্রচারের এই চুক্তি ইত্তেফাক ডিজিটালের জন্য নতুন মাত্রা যোগ করবে।'

ছবি: আব্দুল গনি

'বিয়োন্ড লিমিটস' সম্পর্কে নাজিয়া নুসরাত আদনিন বলেন, 'এটি একটি ব্যতিক্রমী সিরিজ, যেখানে গতানুগতিক ধারার বাইরের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। রোমাঞ্চকর নানা বিষয় উঠে এসেছে। এটি দর্শককে আকৃষ্ট করবে এবং নিজেদের সীমাবদ্ধতাকে ভেঙে নতুন কিছুর প্রতি প্রেরণা যোগাবে।' 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইত্তেফাক ডিজিটালের সহসম্পাদক পলিয়ার রহমান, নভেম অপু, সৈয়দ তাওসিফ মোনাওয়ার, জাকারিয়া হোসেন, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ শাফায়েত আহমেদ, ভিডিও এডিটর শরিফ হোসেন সোহেল, মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীর আহম্মেদ ও মার্কেটিং কন্টেন্ট ডিজাইনার এইচএম সাব্বির। অনুষ্ঠান শেষে ডয়চে ভেলের প্রতিনিধিদের হাতে ইত্তেফাকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।