ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ডিআরএমসি) আয়োজিত ‘ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন কনফারেন্স ২০২৫’ (ডিআরএমসি এমইউএনএ ২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর। গতবারের মতো এবারও ডিআরএমসি কলেজ প্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানসম্পন্ন এই সম্মেলন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “শান্তির পথে: সংকট থেকে ঐকমত্যে সংঘাত, নিপীড়ন এবং আন্তর্জাতিক নীতির ব্যর্থতা মোকাবিলা।” (Pathway to peace, from crisis to consensus)
ডিআরএমসি এমইউএনএ ২০২৫-এর অফিশিয়াল প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সংবাদপত্র দৈনিক ইত্তেফাক। আয়োজক কমিটির মতে, ইত্তেফাকের এই অংশগ্রহণ আয়োজনটিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (৩ আগস্ট) বিকেলে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। এতে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক রিয়াদ খন্দকার, ডিআরএমসি এমইউএন-এর সম্পাদক নাফিজ আহমেদ নাফি, সহকারী সম্পাদক সাইয়ার ইমাম সপ্ত, এবং সদস্যবৃন্দ তাশরিক ইসলাম ও সাইফান মাহের।
আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার সংকট ও বৈশ্বিক কূটনীতির জটিল প্রেক্ষাপটে এই সম্মেলনটি তরুণ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা।
তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এই কনফারেন্সে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ৪০০-এর বেশি শিক্ষার্থী (ডেলিগেট) অংশগ্রহণ করবেন। পাশাপাশি অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, রাষ্ট্রদূত ও জাতিসংঘের কর্মকর্তাদের উপস্থিতিও প্রত্যাশিত।
সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন জাতিসংঘ সংস্থা ও আন্তর্জাতিক কমিটির প্রতিনিধিত্ব করবেন। তারা বাস্তব কূটনৈতিক ইস্যু নিয়ে আলোচনা, বিতর্ক এবং সমাধানমূলক প্রস্তাব উপস্থাপন করে নেতৃত্ব, সমালোচনামূলক বিশ্লেষণ ও আলোচনার দক্ষতা অর্জন করবেন।
এর আগেও ডিআরএমসি এমইউএনএ সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক মানের এই সম্মেলন আয়োজন করেছে। আয়োজকরা আশা করছেন, এবারের আয়োজনও শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব-নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জোগাবে।

