‘শুধু কাজের মধ্যে ডুবে থেকে নিকটাত্মীয়দের সঙ্গে অন্যায় করেছি’

বলিউড সুপারস্টার আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। তবে ওটিটিতে মুখ রক্ষা করেছে ছবিটি। শোনা যাচ্ছিল, এরপর অভিনেতাকে দেখা যাবে ‘চ্যাম্পিয়ন’ ছবিতে। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল আমির খানের। এবার নাকি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন  মিস্টার পারফেকশনিস্ট।

সম্পূর্ণ ধূসর সাদা চুল ও দাড়ির লুকে একটি অনুষ্ঠানে দেখা দিলেন আমির। এ অনুষ্ঠানে নিজের আসন্ন প্রোডাকশনের সম্পর্কে কথা বলেছেন আমির খান। একই সাথে তিনি জানান, এই প্রথমবার ক্যারিয়ারে কিছুদিন বিরতি নিতে চান তিনি।

নিজের এক বাল্যবন্ধুর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন 'থ্রি ইডিয়টস' অভিনেতা। অনুষ্ঠানে সিনেমা ও নিজের ক্যারিয়ার সম্পর্কে জানানোর পাশাপাশি একটি ছবিকে তিনি কোন দৃষ্টিতে দেখেন সেটিও স্পষ্ট করেছেন। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, অভিনয় ক্যারিয়ার থেকে কিছুদিনের বিরতি নিতে চান আমির।

আমির খান। ছবি: সংগৃহীত

আমির খান বলেন, ‘আমি যখন অভিনেতা হিসেবে কোনো ছবিতে কাজ করি, তখন আমি সম্পূর্ণভাবে জীবনের বাকি সবকিছু ভুলে যাই। 'লাল সিং চাড্ডা'র পর আরও একটি ছবি করার কথা ছিল আমার, ছবিটির নাম ছিল 'চ্যাম্পিয়ন'। ওই সিনেমার স্ক্রিপ্টও ভীষণ সুন্দর ছিল। কিন্তু আমার মনে হচ্ছে আমার কিছুদিন বিরতি নেওয়া উচিত। আমার মা, পরিবার, সন্তানদের সঙ্গে সময় কাটানো উচিত।’

আমির খান জানান, ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার বিরতি চলছি। আমি দীর্ঘ ৩৫ বছর ধরে কাজ করছি এবং ভীষণভাবে আমার কাজে ডুবে থেকেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটি ঠিক করিনি, আমি নিকটজনদের প্রতি অন্যায় করেছি। এই প্রথমবার মনে হচ্ছে কিছুদিন বিরতি নিয়ে তাদের সঙ্গে সময় কাটানো উচিত, জীবনটাকে অন্যভাবে উপভোগ করা উচিত। এক-দেড় বছর আমি অভিনেতা হিসেবে কোনো কাজ করব না।’ 

আমির খান। ছবি: সংগৃহীত

আমির বলেন, ‘আমি অভিনেতা হিসেবে কাজ করব না, কিন্তু প্রযোজক হিসেবে কাজ করব। তাই আমি ‘চ্যাম্পিয়ন’ ছবির প্রযোজনা অবশ্যই করব। যে কাজ আমি করব ভেবেছিলাম, এখন সেই কাজের কথা অন্যান্য অভিনেতাদের করতে বলব। আশা করছি সব ভালোই হবে।' এছাড়াও আমির খান জানান, তিনি জীবনের এমনটা একটা সময় দাঁড়িয়ে আছেন যেখানে তিনি তার সম্পর্কগুলোকে উপভোগ করতে চান, সময় দিতে চান।

‘চ্যাম্পিয়ন’ ছবিটি আমির খান এবং সনি পিকচার ইন্টারন্যাশনাল প্রোডাকশন ও ২০০ নট আউট প্রোডাকশনের মিলিত প্রযোজনায় তৈরি হবে। তবে আমিরকে আগামীতে সালাম ভেঙ্কি ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কাজলের সঙ্গে।