শতভাগ জিপিএ-৫ পেলো নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস

অতীতের ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ জিপিএ-৫ পেয়ে চমকে দিয়েছে এনকেএম (নাছিমা কাদির মোল্লা) হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর ২৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ ৫ পেয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর)  স্কুলের প্রধান শিক্ষক অসীম বাড়ৈ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ জানায়,  ২০০৮ সালে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ প্রায় প্রতি বছরই বোর্ডে স্থান দখল করে নিয়েছে। এর ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৬৫ জন ও ব্যবসায় শিক্ষা শাখা একজন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ সবাই জিপিএ-৫ পেয়েছে।

নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফল করছে। এবার শতভাগ জিপিএ-৫ পেয়েছে। সারাদেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে আশা করছি আমরা দেশসেরা অবস্থানে থাকব।

এর আগে ২০১৫ ও ২০১৭ সালেও শতভাগ জিপিএ-৫ পেয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি।