বিলে মিললো বস্তাভর্তি মানব কঙ্কাল

নরসিংদীর মনোহরদী উপজেলার একটি বিল থেকে বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ঈদগাহ মাঠ সংলগ্ন নালী বিল থেকে মঙ্গলবার (৩ জানুয়ারি) কঙ্কালগুলো উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন লোক নালী বিলে গোসল করতে নামলে পানির নিচে বস্তাভর্তি কোনো কিছু তাদের পায়ে লাগে। পরে তারা বস্তাটি তীরে তুলে আনেন এবং বস্তার মুখ খুলে অনেকগুলো মানব কঙ্কাল দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালগুলো থানা হেফাজতে নিয়ে যায়।

চরমান্দালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছ উদ্দীন শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার রামপুর ফাঁড়ি পুলিশ কঙ্কালগুলো উদ্ধার করে নিয়ে গেছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, কঙ্কালগুলোর একটা কাঠামোর সাথে আরেকটা কাঠামোগত কোনো মিল নেই। কঙ্কালের হাত, পা, মাথা বিচ্ছিন্ন। লোহার তার দিয়ে কঙ্কালের অংশগুলো জোড়া দেওয়া অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, কঙ্কালের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, মেডিক্যাল ছাত্রদের ব্যবহৃত কঙ্কাল। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।