রাজশাহীতে পুলিশের অনুমতি ছাড়াই জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজশাহী মহানগরীতে পুলিশের অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে রাজশাহী মহানগরী কমিটির উদ্যোগে নগরীর বর্ণালীর মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

গণমাধ্যমে পাঠানো দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজউদ্দিন মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বর্ণালীর মোড় এলাকা প্রদক্ষিণ শেষে ডলফিন ক্লিনিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে ইমাজউদ্দিন মন্ডল বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল ইসলামী দল। আমরা আমিরে জামায়াতের মুক্তির জন্য বারবার পুলিশ প্রশাসনের নিকট মিছিলের অনুমতি চেয়ে আবেদন করি। কিন্তু  প্রশাসন এ ব্যাপারে কোনো সাড়া দেননি। একটি দেশে কোনো দল বা মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে কখনো দেশ সুষ্ঠভাবে চলতে পারে না। 

তিনি বলেন, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ দীর্ঘদিন যাবৎ জামায়াতের সেক্রেটারি জেনারেলের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় অনেক দায়িত্বশীলকে স্বৈরাচারী সরকার জেলখানায় আটকিয়ে রেখেছে। মুক্তির দাবি নিয়ে দেশের মানুষ প্রতিবাদ আন্দোলন করবে সেই পথ বাকশালি কায়দায় অবরুদ্ধ। আমরা এ ধরনের ফ্যাসিবাদী ও জুলুম-তন্ত্রের তীব্র নিন্দা এবং অনতি বিলম্ব আমীরে জামায়াতসহ সকল নেতৃবৃন্দের মুক্তির জোর দাবি করছি।’