৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

সেই ইউএনও বদলি, এলাকায় মিষ্টি বিতরণ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমকে বগুড়ায় বদলি করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) রাজশাহী বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার মহিদুল হক সাক্ষরিত এক আদেশে বদলি করা হয়েছে।

আদেশে গোদাগাড়ীর ইউএনও জানে আলমকে বগুড়া জেলার ধুনট এবং ধুনটের ইউএনও সঞ্জয় কুমার মহন্তকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৬ মার্চ (সোমবার) রাজশাহী জেলা স্পেশাল ট্রাইব্যুনাল ও সিনিয়র দায়রা জজ আদালতে সালাহ উদ্দিন বিশ্বাস নামে এক আইনজীবী ইউএনও জানে আলমের বিরুদ্ধে ৫ কোটি টাকার দুর্নীতি মামলা করেন। মামলার শুনানি শেষে বিচারক আব্দুর রহিম দুদককে তদন্তের নির্দেশ দেন। এর আগে গত ২৬ জানুয়ারি ইউএনও’র বিরুদ্ধে রাজশাহী পরিবেশ আদালতে মামলা করেছিলেন আইনজীবী সালাহ উদ্দিন বিশ্বাস।

Rajshahi Godagari UNO Mamla News

অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের নামে বিভিন্ন ইট ভাটা থেকে ইট ও বালুমহাল থেকে বালু নেওয়াসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারা কাজ করেছেন ইউএনও। এছাড়া প্রকল্পের কাজ শেষ না হলেও শতভাগ অগ্রগতির তথ্য দেখিয়ে অবৈধভাবে অর্থ উত্তোলন করেছেন। এছাড়াও টিআর-কাবিখা কর্মসূচি থেকে ১০ শতাংশ হারে কমিশনও নিয়েছেন। আদিবাসীদের জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ হলেও তাদের ঘর বরাদ্দ দেননি। বরং অর্থের বিনিময়ে বিক্রি করেছেন আশ্রয়ণ প্রকল্পের ঘর। 

অভিযোগে আরও বলা হয়, ইউএনও হিসেবে জানে আলম ২০২০ সালের ৩ ডিসেম্বর গোদাগাড়ীতে যোগদান করেন। এরপর থেকে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। যা দিয়ে তিনি নামে-বেনামে বাড়ি, গাড়ি ও জমি কিনেছেন। 

এদিকে ইউএনও জানে আলমের বদলির আদেশে গোদাগাড়ীতে মিষ্টি বিতরণ হয়েছে। গোদাগাড়ী পৌর এলাকার বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।