বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময় পাশে ছিল, আগামীতেও থাকবে। ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। কারণ যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রণয় কুমার ভার্মা আরও বলেন, বর্তমানে আমরা একাধিক প্রকল্প নিয়ে কাজ করছি যেন উভয় দেশের মধ্যকার সীমান্ত যোগাযোগ আরও উন্নত হয়। এর মধ্যে দিয়ে জনগণ ও অর্থনীতিকে একীভ‚ত করতে পারি। তাহলে দুই দেশের উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় ও মজবুত হবে।
রাজশাহী অঞ্চলকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাইকমিশনার বলেন, রাজশাহীর উন্নয়নেও কাজ করবে ভারত সরকার। সবুজ ও সুন্দর এ জনপদের মানুষ অনেক বেশি সংস্কৃতিমনা। তাই রাজশাহীর সংস্কৃতির উন্নয়নেও আমরা কাজ করছি। শিগগিরই আরও ভালো কিছু হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভ‚মিকা অবিস্মরণীয়। আর শুধু ভৌগোলিক ও ঐতিহাসিকভাবেই নয়, হৃদয়ের সম্পর্কের দ্বারাও সংযুক্ত। আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভারত সরকার সব ধরনের সহযোগিতা করবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমারসহ আরও অনেকে।