অপারেশন ক্লিন হার্টে নির্যাতিত আহকাম উল্লাহর অস্ত্রোপচার সোমবার 

দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ্। ২০০২ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের চালানো অপারেশন ক্লিন হার্টের আওতায় যৌথবাহিনীর হাতে নির্যাতনের প্রমাণ তিনি।  

যৌথবাহিনীর হাতে আটক হওয়ার পূর্বমুহূর্তে তিনি ছায়ানটের ভবন নির্মাণে তহবিল সংগ্রহের জন্য রাজধানীতে একটি অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করছিলেন। মূলত তৎকালীন বিরোধী দল তথা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমনের জন্য চালানো অপারেশন ক্লিন হার্টে আটক ও নির্যাতনের শিকার হয়ে অনেকে নিহত হন। অনেকে শারীরিক প্রতিবন্ধীত্ব নিয়ে বেঁচে আছেন। তাদের মধ্যে রাজনৈতিক এবং সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্টজনেরাও রয়েছেন। 

WhatsApp Image 2023-06-14 at 21.41.36

অপারেশন ক্লিনহার্টে আটক হওয়ার পর নির্যাতনের শিকার হয়ে মো. আহকাম উল্লাহর ঘাড়ের হাড় ভেঙে যায় এবং মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এর জের ধরে দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। বিএনপি-জামায়াত সরকার সেইসব হত্যা-নির্যাতনের বিচার না হওয়ার জন্য ইনডেমনিটি নিয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ইনডেমনিটি বাতিলের ব্যবস্থা করেন। এরপর আদালত নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। 

অপারেশন ক্লিন হার্টে আটক হওয়ার পর নির্যাতনের শিকার হওয়ার জের ধরে মো. আহকাম উল্লাহর শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর হয়ে উঠেছে। এদিকে, এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাংগন হসপিটালে সোমবার (১৯ জুন) তার ঘাড়ের সামনের ও পেছনের অংশে জটিল অস্ত্রোপচার করা হবে জানান আহকাম উল্লাহ্।