নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডের তিন চীনা রেস্টুরেন্টে সোমবার রাত ৯ টার দিকে কুড়াল নিয়ে হামলা চালান এক ব্যক্তি। এতে চারজন আহত হয়েছেন। হামলাকারীকে আটক করা হয়েছে।
আহতদের একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল আছে।
২৪ বছর বয়সী হামলাকারী একজন চীনা নাগরিক। পুলিশ এখনো হামলার উদ্দেশ্য জানায়নি। হামলাকারীর বিরুদ্ধে শরীরে মারাত্মক ক্ষতি করার উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
এটি বর্ণবাদী হামলা হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা স্টেফান স্যাগার। হামলাকারী একাই হামলা করেছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, হামলাকারী এমন এক রাস্তায় হামলা করেছেন যেখানে কম খরচে চীনা খাবার বিক্রি করে এমন বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে।
এক রেস্টুরেন্টের ক্রেতা নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, তারা যখন খাবার খাচ্ছিলেন তখন হামলা হয়। ‘আমি অবাক হয়েছিলাম। যখন বুঝতে পারলাম কী ঘটছে, তখন তিনি আমাকে আঘাত করার চেষ্টা করেন। তিনি যখন আমার মাথা লক্ষ্য করে কুড়াল মেরেছিলেন তখন আমি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেছিলাম।'