৩ লাখ টাকা হলে বাঁচবে সৌরভ, প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা পরিবারের

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে ১১ বছরের শিশু সৌরভ হাসান। দীর্ঘদিন ধরে ভুগছে মূত্রনালীর সমস্যায়। চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তাকে অপারেশন করাতে হবে। কিন্তু এ অর্থ ব্যয় করার সাধ্য নেই তার ভ্যানচালক বাবা আলমগীরের। তাই প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। 

খোঁজ নিয়ে জানা গেছে, ভিটে-বাড়ি ছাড়া জায়গা-জমি বলতে কিছুই নেই আলমগীর হোসেনের। প্রতিদিন ভ্যান চালিয়ে কোনোরকমে তার সংসার চলে। ইতিমধ্যে তার ছেলে সৌরভের মূত্রনালির সমস্যা ধরা পড়েছে। সৌরভ ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জিমি সায়েদের অধীনে চিকিৎসাধীন রয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মূত্রনালির অপারেশনের জন্য তিন লাখ টাকা লাগবে। 

সৌরভের মা হাসনাহেনা বেগম বলেন, শ্বশুর ইব্রাহীম আলীর মৃত্যুর পর ১০ শতাংশ জমি পেয়েছি। এই জমির ওপর একটি টিনের ছাপড়াঘর তুলে কোনোমতে বসবাস করছি। ছেলের চিকিৎসার জন্য গাজীপুর দিগন্ত সোয়েটার ফ্যাক্টরিতে আমরা দুজনে চাকরি নেয়। সেখানে দু’জনে ১২ হাজার টাকায় কিছুদিন চাকরি করি। তার পর আমার ফুসফুসে সমস্যা দেখা দিলে সেখান থেকে আমি বাড়ি চলে আসি এবং ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যে ৫ কাঠা জমি বিক্রি করে দিয়েছি। 

আলমগীর হোসেন বলেন, ভ্যান চালিয়ে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা আয় হয়। কোনো দিন এর চেয়ে কমও  হয়। অথচ প্রতিদিন ওষুধ লাগে ৪৫০ টাকার। এ টাকা দিয়ে সংসার ও ছেলের চিকিৎসা করাতে পারছি না। ইতিমধ্যে মূত্রনালির সমস্যা হওয়ায় ছেলে চোখে কম দেখছে এবং মাথার চুল উঠে যেতে শুরু করেছে। সকালে ঘুম থেকে উঠে ঠিকঠাক মত কিছু দেখতে পায় না। এ জন্য তার চিকিৎসায় আমি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছি।