ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে সাংস্কৃতিক সমাবেশ শুক্রবার

লেখক, শিক্ষক, শিল্পী, সাংবাদিকদের ব্যানারে ঢাকায় ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে সাংস্কৃতিক সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা অবধি অনুষ্ঠিত হবে এই সমাবেশ। এতে প্রতিবাদী ও দেশাত্মবোধক গান, আবৃত্তি, পথনাটক, পারফরমেন্স আর্ট এবং মুক্ত ক্যানভাসে চিত্রাঙ্কন প্রদর্শিত হবে।

আয়োজকদের পক্ষে লেখক ও সাংবাদিক এহ্সান মাহমুদ জানিয়েছেন, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা দেশের প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের দেশে প্রতিনিয়ত এই অধিকার বিঘ্নিত হচ্ছে। ফলে অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার দাবিতেই এই প্রতিবাদী আয়োজন।
   
জানা গেছে, এই সমাবেশে উদীচী, সমগীত, সহজিয়ার শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করবেন শিল্পী অরূপ রাহী, সায়ান, মূয়ীয মাহফুজ, আনা নাসরিন, রাহাত শান্তনুসহ অন্য শিল্পী।

পথনাটক প্রদর্শন করবেন বটতলা, তীরন্দাজ, রূপনগর, থিয়েটার ৫২ এবং এই বাংলায়। মাইম করবেন- শ্রুতি সাংস্কৃতিক একাডেমি এবং কবিতা পাঠ করবেন বাংলাদেশের সমকালীন কবিরা।