বাঘায় রাতের আঁধারে শতবর্ষী আম গাছ কর্তন 

রাজশাহীর বাঘায় রাতের আধারে শতবর্ষী আম গাছেন ১৬টি ডাল কেটে ফেলা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) ভোর রাতে উপজেলার বলিহার মাঠে এই ডাল কাটার ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী শ্রী সুনীল সরকার বাঘা থানায় ৬ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে সুনীল সরকার বলেন, আমি চার বছর পূর্বে উপজেলার বলিহার মাঠে মুকুল হোসেনের কাছ থেকে একটি আম বাগান ক্রয় করি। এই বাগানে প্রায় শত বছর বয়সী  দুইটি আশ্বিনা আম গাছের কয়েকটি ডালের সামান্য অংশ পাশের জমি মহাসিন ও তার ভাই মসলেম উদ্দিনের জমির মধ্যে অবস্থান করছিল। শনিবার ভোর রাতে দুই ভাইয়ের ৬ ছেলে যথাক্রমে নিজাম উদ্দিন, আব্দুর রহমান, হাবিবুল্লা, শামিম হোসেন, মহির উদ্দিন ও মেরাজ আলী এসে গাছের ১৬টি ডালের গোড়া থেকে কেটে সাবাড় করে। আর এই ঘটনাটি দেখে ফেলে খেজুর গাছের রস সংগ্রহকারী দুই ব্যক্তি। তারা আমাকে খবর দিলে আমি আমার ভাইদের সঙ্গে করে জমির উপরে যায়। ততক্ষণে তারা সেখান থেকে সটকে পড়েন। নিরুপায় হয়ে আমি তাদের নামে বাঘা থানায় রোববার সকাল ১০টায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

Bagha-02-Pic

বলিহার গ্রামের সমাজ প্রধান জুয়ের আহাম্মেদ ও মাইনুল ইসলাম বলেন, এলাকায় একজন মানুষের আম গাছের ডাল অন্যের জমিতে রয়েছে এ রকম সংখ্যা অনেক। তবে এসব ডাল কাটার রেওয়াজ এখানে নেই। তারপরেও যদি সেই ডালের আগার অংশ কেটে ফেলত তাহলে তেমন ক্ষতি হতো না। কিন্তু তারা বাগান মালিককে সঙ্গে না নিয়ে রাতে আঁধারে গাছ ঘেষে গোড়া থেকে ডাল কেটেছে। এতে বাগান মালিক আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন। মূলত বাগান মালিক সুনীল সরকার হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় তারা ক্ষমতার দাপট দেখিয়েছেন। 

বাঘা থানার ওসি খাইরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।