রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এগুলো বিক্রির জন্য জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। অস্ত্র কারবারিকে আটকের পর তার তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব-৫।
রায়হাতুল সালমান রাজ (২০) গ্রেপ্তার করা হলেও অভিযানের খবর পেয়ে তার অপর চার সহযোগী পালিয়ে যায়। রাজ জেলার দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল সোমবার (২৭ নভেম্বর) বিকালে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা থেকে রাজকে আটক করে। তিনি ওই এলাকায় থাকা মেসার্স এনবি ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়েছিলেন। আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানের সময় তার অপর চার সহযোগী মাইনুল ইসলাম, জনি, আইয়ুব আলী ও রফিকুল ইসলাম পালিয়ে যায়।
আটকের পর রাজ র্যাবকে জানায়, পলাতকদের সহযোগিতায় সে রাজশাহীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া পলাতক চার জনসহ রাজের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।