পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ নেতা রায়হান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ চারঘাট-বাঘায় বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত তৃণমূল বিএনপি বিএনএমসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

দ্বিতীয়বার নৌকার বিরুদ্ধে (বিদ্রাহী) প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা রায়হানুল হক রায়হান। এ বছর দলীয় মনোনয়ন না পেয়ে হেবিওয়েট প্রার্থী ও পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য ও দুই বারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে টিকতে না পেরে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। তার এই প্রচারণাকে নেতিবাচক হিসাবে মন্তব্য করেছেন দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণ।

বাঘা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, মনোনয়ন উত্তোলন ও জমাদের জন্য আর মাত্র একদিন সময় বাকি রয়েছে। রাজশাহী-৬ চারঘাট-বাঘায় মনোনয়ন উত্তোলন করেছেন মোট ৬ জন প্রার্থী। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুজন। এরা হলেন চারঘাট উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা রায়হানুল হক রায়হান এবং বাঘার ইসরাফিল হোসেন। 

অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছে তাদের মধ্যে রয়েছেন একা টানা তৃতীয় বার আওয়ামী লীগ নির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জাতীয় পার্টি থেকে শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টি থেকে রিপন আলী ও তৃণমূল বিএনপি (বিএনএম) থেকে আব্দুস সামাদ। 

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুসহ অনেকেই জানান, রায়হানুল হক রায়হান এ বছর নৌকার প্রার্থী হওয়ার জন্য দলীয় ফরম উত্তোলন করেছিলেন। অতঃপর মনোনয়ন না পাওয়ার কারণে তিনি চারঘাট নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। 

এদিকে চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুর ইসলাম বলেন, রায়হানুল হক রায়হান বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেন। তবে স্বার্থে আঘাত হানলে তিনি বিদ্রোহী প্রার্থী হন। 

রায়হানুল হকের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার এককর্মী জানান, এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোট বর্জন করছে। তারা যদি ভোট কেন্দ্রে যায় তাহলে একটা হিসাব-নিকাশ রয়েছে। এ কারণে আমাদের নেতা আবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।