গাইবান্ধা-৫ আসনে নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটার ইউএনও এবং ওসিকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। পক্ষপাতের অভিযোগে এক প্রার্থীর করা রিট আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
পক্ষপাতের অভিযোগ এনে রিট আবেদনটি করেন গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা বুবলী। তিনি সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে। তার আইনজীবী এবিএম আলতাফ হোসেন জানান, ওই আসনে গত উপ-নির্বাচনে দায়িত্ব পালনকারী সব প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদেরও নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখতে বলা হয়েছে।
এর আগে ২০২২ সালের ১২ অক্টোবর এ আসনের উপ-নির্বাচনে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়ম ধরা পড়ে। এ কারণে ওই নির্বাচন বন্ধ করে দেয় ইসি। দেশের ইতিহাসে অনিয়মের কারণে কোনো আসনের নির্বাচন পুরোপুরি বন্ধের ঘটনা সেটাই প্রথম।
সে সময় অনিয়মে জড়িতদের চিহ্নিতে তিন সদস্যের তদন্ত কমিটি করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচনের দায়িত্বে থাকা বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও দেওয়া হয়। পরে ২০২৩ সালের ৪ জানুয়ারি নতুন করে ভোট হলে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হোসেন রিপন সংসদ সদস্য নির্বাচিত হন।