স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে আটক ১

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে বাড়ি-বাড়ি টাকা বিলি করার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চারঘাট উপজেলার মাড়িয়ায় এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তির কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম শাহাবুদ্দিন সাবু। তার পিতার নাম গমীর শাহ, বাড়ি মাড়িয়া এলাকায়। স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের পক্ষে তিনি টাকা বিলি করছিলেন বলে পুলিশের কাছে স্বীকারুক্তি দিয়েছেন। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

স্থানীয়রা বলছেন, একই দলের নেতা হিসাবে দলীয় মনোনয়ন না পাওয়ার খেদে রায়হানুল হক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি এর আগেও চারঘাট-বাঘার অহংকার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দুইবার বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন।  

চারঘাট থানার ওসি এসএম সিদ্দিকুর রহমান জানান, কাঁচি প্রতীকের পক্ষে টাকা বিলি করার অভিযোগে স্থানীয় লোকজন সাবু নামের একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবুকে হেফাজতে নিয়েছে। আটক সাবু টাকা বিতরণের সত্যতা স্বীকার করেছেন বলেও নিশ্চিত করেন পুলিশ। তবে টাকার পরিমাণ এবং এ বিষয়ে নেওয়া পদক্ষেপ পরে জানানো হবে বলে জানান পুলিশ।